নুসরাতকে গ্রেপ্তার বিচার নয়, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন : হাসনাত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৬:০৯
নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোকে ‘বিচার নয়, বরং মনোযোগ ঘোরানোর কৌশল’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১৯ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লেখেন, ‘সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।’
তিনি প্রশ্ন রাখেন, ‘ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।’
এর আগে হত্যাচেষ্টার অভিযোগের মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার তাকে গ্রেপ্তারের পরদিন সোমবার (১৯ মে) ঢাকার একটি আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন।
সকালে ফারিয়াকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মো. বিল্লাল ভুঁইয়া। ওই আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়েছে।
ফারিয়ার আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। আগামী ২২ মে জামিন শুনানির দিন ঠিক করেছে আদালত।
রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছিলেন, ভাটারা থানার একটি মামলায় তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটি গুরুতর আহত করার (হত্যা চেষ্টা) মামলা।
জুলাই গণঅভ্যুত্থানের সময় ভাটারা থানায় দায়ের করা এই হত্যাচেষ্টা মামলায় তাকে আসামি করা হয়েছে। এ মামলায় আরও অনেক শিল্পীকে আসামি করা হয়েছে।
এ মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, জায়েদ খান, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিকসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
ডিআর/এমএইচএস

