ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা আজ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে।
শনিবার (৭ ডিসেম্বর) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যৌথ উদ্যোগে রোববার সকাল ১০টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হবে।’
সব পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উক্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নির্দেশনা প্রদান করেছেন।’
ডিআর/এটিআর

