Logo

রাজনীতি

ব্যাংক হিসাব নেই জামায়াতের, আয়-ব্যয় সবার চেয়ে বেশি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৮:০৪

ব্যাংক হিসাব নেই জামায়াতের, আয়-ব্যয় সবার চেয়ে বেশি

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ২০২৪ সালে সবচেয়ে বেশি আয়-ব্যয় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আয়-ব্যয় বিবরণীর তথ্য অনুযায়ী, গত বছর দলটির আয় ছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা এবং ব্যয় হয়েছে ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। তবে দলটির কোনো ব্যাংক হিসাব নেই বলে জানানো হয়েছে এই বিবরণীতে।

অন্যদিকে, ২০২৪ সালে বিএনপির আয় ছিল ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। বিএনপির উদ্বৃত্ত ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা। এর অর্থ জামায়াতে ইসলামী বিএনপির তুলনায় আয় প্রায় দ্বিগুণ এবং ব্যয় পাঁচগুণ বেশি করেছে।

জামায়াতে ইসলামী আয় হিসেবে তাদের কর্মী ও সদস্যদের চাঁদা, কমিটির চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও সংস্থার অনুদান, দলীয় পত্রিকা, সাময়িকী, বই বিক্রি থেকে আয় দেখিয়েছে। ব্যয় হিসেবে তারা বেতন, ভাতা, আবাসন, প্রশাসনিক খরচ, ইউটিলিটি বিল, ডাকযোগাযোগ, ইন্টারনেট, কুরিয়ার সার্ভিস এবং পত্রিকা বাবদ খরচ উল্লেখ করেছে।

২০২৪ সালের আয়-ব্যয়ের তথ্য অনুযায়ী, জাতীয় পার্টির আয় ছিল ২ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা, ব্যয় ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৪৪ টাকা। অন্যদিকে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয় দেখিয়েছে ১ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৩৪৪ টাকা এবং গণঅধিকার পরিষদের আয় ছিল ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা, ব্যয় ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা।

২৮টি দল নির্বাচন কমিশনে আয়-ব্যয় হিসাব জমা দিয়েছে। এর মধ্যে দেখা গেছে, সব রাজনৈতিক দলের চেয়ে আয়-ব্যয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

সিপিবিসহ ১০ দল সময় চেয়ে আবেদন করেছে। আবার ১১ দল কোনও সাড়া দেয়নি।

২০০৮ সালের নির্বাচনী নিবন্ধন আইনে বলা হয়েছে, কোনো দল পরপর তিনবার আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে তাদের নিবন্ধন বাতিল করা যেতে পারে। 

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন