জামায়াত কেন নির্বাচন বাধাগ্রস্ত করছে, প্রশ্ন সালাহউদ্দিনের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন, তারা যদি সরকারি দল হওয়ার বিষয়ে এত আত্মবিশ্বাসী হয়, তাহলে নানা টালবাহানায় কেন নির্বাচনকে বাধাগ্রস্ত করছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অপর্ণ আলোক সংঘের আয়োজনে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ-মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ বিষয়ক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জামায়াত এখন জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ করার দাবি তুলছে। অথচ একই সময়ে তারা এমন এক দলের সঙ্গে রাস্তায় আন্দোলন করছে, যা ২০২৪ সালের ৭ জানুয়ারিতে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারাদেশে, বিভিন্ন বিভাগ পর্যায়ে। পত্রিকায় আজ হেডলাইন দেখলাম, কোথাও বলছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে।
জামায়াত নেতাদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘ভাইসাব, আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন, বিএনপি বিরোধী দলে যাবে? নাকি জনগণ তাদের বিরোধী দল করবে?
তিনি বলেন, ‘আপনারা যখন এত বেশি আত্মবিশ্বাসী যে, সরকারি দল হবেন, তাহলে নির্বাচনে আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে ওই বাহানা, পরশু আরেক বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কী, সেটা তো আমরা জানি।’
তিনি আরও বলেন, জামায়াত বিভিন্ন বাহানা তৈরি করে নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। জনগণ দেখছে, তারা কাদেরকে যুগপৎ সঙ্গী হিসেবে নিয়ে আন্দোলন করছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, এই নীতি সঠিক নয় এবং আগের সব নির্বাচনে জামায়াত ‘হাত পাখা’ হিসেবে আওয়ামী লীগের সঙ্গে ছিল।
তবে মতপার্থক্য থাকলেও আলোচনার টেবিলেই সমস্যার সমাধান চাইছেন তিনি।
সালাহউদ্দিন বলেন, মতপার্থক্য গণতন্ত্রের অংশ এবং যে কোনো দল তাদের দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। তবে অতিরিক্ত চাপ সৃষ্টির জন্য রাস্তায় যাওয়া উচিত নয়। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা সবচেয়ে কার্যকর।
তিনি বলেন, জাতীয় ইস্যু, দেশের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিষয়গুলোতে আমরা ঐক্যবদ্ধ থাকব। বিতর্ক, মতভিন্নতা এবং বহুমত থাকব। তবে এসবের নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে।
সালাহউদ্দিন আহমেদ পিআর পদ্ধতির নির্বাচন প্রসঙ্গে বলেন, জনগণই তা নির্ধারণ করবে। হাজার দু-তিনেক লোক নিয়ে মিছিল করলেও তা পিআর প্রতিষ্ঠা করবে না। নির্বাচনী ইশতেহারে দাবিগুলো উল্লেখ করে জনগণের মাধ্যমে বাস্তবায়ন করা গণতান্ত্রিক রীতি।
ডিআর/এমএইচএস

