ছবি : বাংলাদেশের খবর
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় তারা নির্বাচন কমিশন ভবনে যান।
প্রতিনিধি দলে আরও রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
ধারণা করা হচ্ছে, এনসিপির নিবন্ধন ও প্রতীক সংক্রান্ত বিষয়ে তারা সিইসির সঙ্গে আলোচনায় বসবেন। এদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) আরও পাঁচটি নতুন রাজনৈতিক দল শিগগিরই চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে। কমিশনের অনুমোদন ও স্বাক্ষর সম্পন্ন হলে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
নির্বাচন কমিশনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাঠপর্যায়ে যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ মোট ছয়টি দলকে নিবন্ধন প্রদানের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হয়েছে। তবে কমিশন চাইলে প্রস্তাবিত তালিকায় সংযোজন বা বিয়োজন করতে পারবে।
এসআইবি/এমএইচএস

