Logo

রাজনীতি

সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি : খন্দকার নাসিরুল

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২০

সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি : খন্দকার নাসিরুল

ছবি : বাংলাদেশের খবর

‘সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি’—এমন মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পৌর এলাকার কুটুমবাড়ি কফি হাউজ প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা ও পৌর শাখার আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় খন্দকার নাসিরুল ইসলাম বলেন, এ দেশে মুসলমানদের যেমন অধিকার, হিন্দুদেরও ঠিক সেই অধিকার আছে। হিন্দুদের মন্দির মুসলমানরা কেন পাহারা দেবে? তারা কি এই দেশের দ্বিতীয় শ্রেণির নাগরিক? মুসলমানের মসজিদ তো পাহারা দিতে হয় না, তাহলে হিন্দুদের মন্দির কেন?

তিনি আরও বলেন, বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, আপনাদের পাশে থাকবে। তাই শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করবেন। কেউ যদি উৎসবে সমস্যা তৈরি করে, আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু, বোয়ালমারী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সঞ্জয় কুমার সাহা, আলফাডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রকাশ কুন্ডু প্রমুখ।


আলোচনা শেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার ৪৩টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করেন খন্দকার নাসিরুল ইসলাম।

রাকিবুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি দুর্গাপূজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন