ভণ্ডামি বাদ দিন, নির্বাচনে আসুন : বিএনপি-জামায়াতকে নাসীরুদ্দীন পাটওয়ারী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি ও জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনারা জনগণের দিকে তাকিয়ে হলেও এইসব ভণ্ডামি বাদ দিন।’ তিনি বলেন, নির্বাচন নিয়ে অযথা বিলম্বের মূল দায় বিএনপি ও জামায়াতের।
সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি ও জামায়াত এখনো জুলাই সনদের আইনি প্রক্রিয়ায় আসছে না। এটাই নির্বাচন বিলম্বের মূল কারণ। আমি বলব, জনগণের কাছে মাফ চেয়ে হলেও আপনারা এইসব ভণ্ডামি বাদ দিন। জনগণের দিকে তাকিয়ে দ্রুত নির্বাচনে অংশ নিন এবং আইনি প্রক্রিয়ায় আসুন। দ্রব্যমূল্য, জনজীবনের দুর্ভোগ, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান— সবকিছু এখন সংকটপূর্ণ।’
প্রবাসীদের ভোটাধিকারে নতুন অগ্রগতি
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রবাসীদের ভোটের ক্ষেত্রে ইসি পাইলট প্রজেক্ট চালাবে। তবে আমাদের প্রবাসী ভাইবোনদের সকলের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। পাইলটের মাধ্যমে কেউ ভোট দিতে পারবে, কেউ পারবে না— এটি কোনোভাবেই হবে না।’
তিনি জানান, একটি ইতিবাচক বিষয় হলো, ইসি ইতোমধ্যে নোটিশের মাধ্যমে জানিয়েছে, যেসব প্রবাসীর এনআইডি কার্ড আছে, তারা সবাই ভোট দিতে পারবেন।
পাসপোর্টধারীদের জন্য এনআইডি সহজীকরণের প্রস্তাব
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘অনেক প্রবাসী ভাইবোন আছেন যাদের বৈধ পাসপোর্ট আছে, কিন্তু এনআইডি নেই। তাদের বায়োমেট্রিক নিবন্ধন করতে অনেক দূরে যেতে হয়, অফিস থেকে ছুটি নিতে হয়, ভোগান্তি হয়। আমরা বলেছি, যাদের পাসপোর্টে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন আছে, সেই ডেটা পুল করে যেন এনআইডি তৈরি করা যায়।’
তিনি আরও বলেন, ‘যাদের পুরনো এনআইডি আছে বা নতুন স্মার্ট এনআইডি আছে— দুই পক্ষকেই ভোট দিতে দেওয়া হোক। পুরনো এনআইডি থাকলেই যেন কেউ বঞ্চিত না হয়।’
পাসপোর্ট থাকলেই ভোটের অধিকারের দাবি
এনসিপির প্রস্তাব অনুযায়ী, যাদের এনআইডি নেই কিন্তু বৈধ পাসপোর্ট আছে এবং যাদের পাসপোর্টে বায়োমেট্রিক ডেটা আছে, তারা ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন।
‘অনেকে আছেন যাদের ২০০-৩০০ মাইল দূরে গিয়ে বায়োমেট্রিক দিতে হয়। এটা সমীচীন নয়। যেহেতু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা হচ্ছে, তাই যাদের পাসপোর্ট আছে, তাদের আওতায় আনা হোক,’ বলেন তিনি।
তিনি জানান, নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
৩০০ আসনে প্রার্থী, ১৫০ আসনে জয় প্রত্যাশা
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেবে এবং সব আসনে জয়লাভের জন্য কাজ করবে।
‘আমরা বলেছিলাম ৩০০ আসনের জন্যই লড়বো। তবে বাস্তবতা অনুযায়ী ১৫০ আসন আমরা জয়ের মতো পরিস্থিতিতে আছি,’ বলেন তিনি।
তবে বিএনপি বা জামায়াত কতটি আসন পাবে, তা জনগণ নির্ধারণ করবে। তিনি বলেন, ‘আমরা একবার বলেছিলাম বিএনপির ৫০-১০০ আসন যাবে না। এখন বাস্তবতা আরও খারাপ।’
সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়েও আশাবাদ
সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যদি ১৫০ আসন নিশ্চিত করতে পারি, আর বাকিদের সাথে সমন্বয় হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ হতে পারি। নারীদের সংরক্ষিত আসন ও উচ্চকক্ষের হিসাবও যুক্ত হবে।’
এনসিপি প্রতীকে বড় জোট আসছে
প্রতীক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এনসিপির আলাদা নাম থাকবে এবং এনসিপির প্রতীকেই থাকবে। অন্য দলের নাম বা মার্কা ডিজলভ হয়ে যাবে। এনসিপির ব্যানারে অনেকগুলো দল আসছে। ইনশাল্লাহ, বিগ টাইম একটি দল হিসেবে আত্মপ্রকাশ করবে।’
এসআইবি/এমএইচএস

