Logo

রাজনীতি

নির্বাচনী জরিপে এগিয়ে বিএনপি, জামায়াত দ্বিতীয়, আ.লীগ নিয়ে বিভক্ত মত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৬

নির্বাচনী জরিপে এগিয়ে বিএনপি, জামায়াত দ্বিতীয়, আ.লীগ নিয়ে বিভক্ত মত

ছবি : সংগৃহীত

জনগণের নির্বাচন ভাবনা জানতে পরিচালিত এক জরিপে দেখা গেছে, ভোটারদের বড় অংশ মনে করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি। রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিং প্রকাশিত এ জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ শতাংশ ভোটার বিএনপির জয় প্রত্যাশা করেন, আর ২৮ দশমিক ১ শতাংশ ভোটার জামায়াতের পক্ষে আস্থা প্রকাশ করেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভস ভবনে এক সংবাদ সম্মেলনে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। 

ফলাফল উপস্থাপন করেন ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সরওয়ার। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ এম শাহান ও ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর প্রমুখ।

আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিভক্ত মত

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্নে ভোটারদের মধ্যে ৪৫ দশমিক ৭৯ শতাংশ বলেছেন দলটিকে সুযোগ দেওয়া উচিত, তবে ৪৫ দশমিক ৫৮ শতাংশ মনে করেন অংশগ্রহণের আগে বিচার হওয়া প্রয়োজন।

ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা

জরিপে উঠে এসেছে, ভোটারদের দৃষ্টিভঙ্গি অর্থনীতি থেকে সরে নিরাপত্তা ও জবাবদিহিতার দিকে গেছে। আইনশৃঙ্খলা উন্নত করার দাবি তুলেছেন ৫৭ দশমিক ৫ শতাংশ ভোটার, আর ৫৪ দশমিক ৬ শতাংশ পণ্যের দাম নিয়ন্ত্রণে জোর দিয়েছেন।

আন্তর্জাতিক সম্পর্ক

অধিকাংশ ভোটার চান প্রতিবেশী ভারতের (৭২.২%) ও পাকিস্তানের (৬৯.০%) সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। তবে কিছু ভোটার ভারতের সঙ্গে দূরত্ব রাখার পক্ষে মত দিয়েছেন।

ভোটের সিদ্ধান্তের ভিত্তি

ভোটদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রার্থীর যোগ্যতাকে গুরুত্ব দিয়েছেন ৬৫ দশমিক ৫ শতাংশ ভোটার। এরপর রয়েছে প্রার্থীর আগের কর্মকাণ্ড (১৫.৮৭%) ও দলের প্রতীক (১৪.৭৬%)। ইশতেহারকে সবচেয়ে কম গুরুত্ব দিয়েছেন মাত্র ৫ শতাংশ। লক্ষণীয়ভাবে, জেনারেশন জেড ভোটাররা প্রার্থীর কর্মকাণ্ডে বেশি গুরুত্ব দিয়েছেন।

সমর্থনের চিত্র

ভোটদানের অভিপ্রায় প্রকাশকারীদের মধ্যে আওয়ামী লীগের সমর্থন বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬৮ শতাংশে (আগে ছিল ১৪.০৭%)। বিএনপি ৪১.৩ শতাংশ ও জামায়াত ৩০.৩ শতাংশ সমর্থন ধরে রেখেছে। এ ছাড়া এনসিপি পেয়েছে ৪.১০ এবং ইসলামী আন্দোলন ৩.১০ শতাংশ সমর্থন। তবে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয়, তাহলে বিএনপি (৪৫.৬%) ও জামায়াত (৩৩.৫%) হবে প্রধান উপকারভোগী। এ ছাড়া ৮ দশমিক ৩ শতাংশ ভোটার জানিয়েছেন তারা ভোট দেবেন না।

জরিপের পরিধি

‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক এ জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বে অংশ নেন ১০ হাজার ৪১৩ জন ভোটার। এর মধ্যে শহরের ৬৯ দশমিক ৫ শতাংশ ও গ্রামের ৩০ দশমিক ৫ শতাংশ। ৬৪ জেলার ৫২১টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিটে এ জরিপ পরিচালিত হয়।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন