কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান : জাহিদ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দিতে শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন— সকল মানুষের নেতা জনাব তারেক রহমান।
তিনি আরও বলেন, ‘আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন যে, কয়েক সপ্তাহ বলেছিলাম। ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া শুধু নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, তার নেতৃত্ব দেবেন।’
২০০৭-০৮ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছিল তারেক রহমানকে। পরে চিকিৎসার জন্য ২০০৮ সালে তিনি লন্ডনে পাড়ি জমান। সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন।
এমবি

