এবার লবি ও অন্যান্য স্থানে বিভিন্নভাবে হেনস্থার চেষ্টা চালাচ্ছে : মামলার পরে আখতার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৪
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩
নিউইয়র্কে বিমানবন্দরে হেনস্থা ও ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্টে মামলা করা হয়। এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় এ তথ্য জানান আখতার হোসেন।
দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে মামলায় অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আখতার হোসেন অভিযোগ করেন, বিমানবন্দরে হামলার পরও ওই ব্যক্তিরা লবি ও অন্যান্য স্থানে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা চালাচ্ছে।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন। তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা দায়ের করার জন্য আমাদের পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছে যে থানা রয়েছে সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যাচেষ্টা করেছিল এবং হুমকি দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি।’
এর আগে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেলে আখতার হোসেন এবং অন্যান্য বিএনপি ও এনসিপি নেতারা বিমানবন্দরে হেনস্তার শিকার হন। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনূসবিরোধী স্লোগান দেন, তুমুল গালাগাল করেন এবং আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেন।
ডিআর/এমবি/ এইচকে

