গাজামুখী ফ্লোটিলা আটকের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৫:২১
ছবি : বাংলাদেশের খবর
গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তাকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলা ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আটক করার ঘটনায় প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়। এর আগে মসজিদের উত্তর পাশে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষস্থানীয় নেতারা। এছাড়া মিছিলে আরও অনেক মুসল্লি অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনি জনগণের প্রতি সহানুভূতি ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বৈধ উদ্যোগকে নির্মমভাবে বাধা দিয়েছে ইসরায়েল। এটি মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। বক্তারা ইসরায়েলের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে আরও শক্তিশালী ভূমিকা নেওয়ার আহ্বান জানান।’
উল্লেখ্য, গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। কিন্তু গাজার জলসীমার কাছাকাছি পৌঁছানোর পর ইসরায়েলের নৌবাহিনী একটির বাইরে সব নৌযান আটক করে। আটক করা হয় নৌযানের ক্রু, মানবাধিকার কর্মী ও আরোহীদেরও। পরে তাদের ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি সরকার এসব প্রতিবাদকে পাত্তা দিচ্ছে না। এরই ধারাবাহিকতায় আজ ঢাকায় জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল আয়োজন করে ইসরায়েলবিরোধী অবস্থান তুলে ধরে।
এসআইবি/এএ

