সমসাময়িক রাজনৈতিক বিষয়, জুলাই সনদের আইনি ভিত্তি এবং আধিপত্যবিরোধী রাজনৈতিক বোঝাপড়ার আলোচনা নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর কামরাঙ্গীচর থানায় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দীন মাহদি ও সংগঠক সানাউল্লাহ খান।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমীর মাওলানা সাঈদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী ও শিক্ষা দীক্ষা সম্পাদক মুফতি ইলিয়াস মাদারীপুরী।
বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি, উচ্চকক্ষে পিআর পদ্ধতি, জুলাই গণহত্যা ও শাপলা হত্যাকান্ডের দায়ে আওয়ামী লীগের বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম স্থগিতকরণ বিষয়ে ঐকমত্য হয়। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকার রক্ষায় যেকোনো আধিপত্যবিরোধী কার্যক্রমে একসাথে কাজ করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।
এমএইচএস

