দেশে পরামর্শকের দায়িত্ব পালন করছে হেফাজতে ইসলাম : এ্যানি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৮:৩৭
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হেফাজতে ইসলাম কথা বললেও রাজনৈতিক একটা কথা চলে আসে। হেফাজতের পক্ষে অনেকেই আছেন নির্বাচন করতে চান, তাই এই প্রশ্ন উঠেছে। উঠতে পারে, কারণ হেফাজতে ইসলাম তো কোনো রাজনৈতিক দল নয়। কিন্তু হেফাজতে ইসলামের ভেতরেই অনেকগুলো রাজনৈতিক দল আছে বিধায় তাদের পরামর্শ আমরা এই সমাজে গ্রহণ করি। হেফাজতে ইসলাম সবার জন্য একটা পরামর্শক, পরামর্শদাতা হিসেবেই বা অভিভাবক হিসেবে উনারা উনাদের দায়িত্ব পালন করছেন। সেই গাইডলাইনস নিতে তো আমাদের আপনাদের কোনো আপত্তি নাই।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরায় হেফাজত ইসলামের ব্যানারে এ আয়োজন করা হয়।
তিনি বলেন, সম্প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা বক্তব্য শুনেছেন, প্রত্যেকটা কথা মেপে বলেছেন, বিশ্লেষণ দিয়ে তুলে ধরেছেন, ইসলাম সম্পর্কে কি বলতে হবে, দেশ সম্পর্কে কি বলতে হবে, পার্শ্ববর্তী দেশ নিয়ে কি কথাগুলো বলতে হবে, সমাজ সম্পর্কে কি বলতে হবে, সবকিছু তিনি তুলে ধরেছেন। সর্বশেষ উনার কথা সবার আগে বাংলাদেশ। এরমধ্যে নিহিত আছে গণতন্ত্র, সমাজ, মানবিকতা।
হেফাজতে ইসলামের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।
বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের জেলা কমিটির সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক নুরুল আমিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী প্রমুখ।
ডিআর/আইএইচ

