আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা ধীরে ধীরে কেটে যাবে : মঈন খান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৩:৫৬
নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে শঙ্কা রয়েছে, তা কেটে যাবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন।
ড. মঈন খান বলেন, ‘আমরা এখানে এসেছি কোনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থে নয়, বরং জাতির স্বার্থে। আমরা এমন একটি পরিবর্তন চাই, যেখানে দেশের মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনের মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে কমিশনের নিজস্ব জনবল সীমিত। একদিনে বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে হয়। এজন্য সরকার থেকে অন্তত ১০ লাখ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। সেই জনবল সম্পর্কে জানতে এবং কিছু পরামর্শ দিতে আমরা এসেছি।’
বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, ‘বিগত তিনটি নির্বাচন ছিল প্রহসনের মতো। গত ১৫ বছরে যাদের কারণে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এক বছরে বদলে যাবে— এমন আশা করা ঠিক নয়। আমরা কমিশনকে সতর্ক করেছি, যেন বিগত বিতর্কিত কর্মকর্তারা এবার দায়িত্ব না পান।’
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, যদি সবাই আন্তরিকভাবে কাজ করে, তাহলে নির্বাচন একটি সত্যিকারের উৎসবে পরিণত হবে। আইনশৃঙ্খলা নিয়েও যে আশঙ্কা রয়েছে, তা ধীরে ধীরে কেটে যাবে।’
এসআইবি/এমবি/এএইচকে

