Logo

রাজনীতি

নির্বাচন এলেই দেশে ধর্ম ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমদ

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ২০:০৪

নির্বাচন এলেই দেশে ধর্ম ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমদ

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যখনই নির্বাচন আসে, তখনই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায়। বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামকে বিশ্বাস করি, নবী করিম (সা.)-এর ইসলামে বিশ্বাস করি। আমরা মওদুদীর ইসলামের অনুসারী নই। যারা ফিতনা সৃষ্টি করে বিভাজন ঘটাতে চায়, তাদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ‘আজমাতে সাহাবা’ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমি এখানে বয়ান দিতে আসিনি, এসেছি আলেমদের বক্তব্য শোনার জন্য। যারা ইসলাম নিয়ে রাজনীতি করেন না, যারা দ্বীনকে অগ্রাধিকার দেন— তারাই আজ এখানে উপস্থিত। আমি তাদের সান্নিধ্যে থাকতে চাই বলেই এসেছি।

তিনি আরও বলেন, রাজনৈতিক বক্তব্য সবাই দিতে পারে, সেটা স্বাগত জানাই। কিন্তু কেউ যেন ইসলামকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে মানুষের দ্বীনকে ক্ষতিগ্রস্ত না করে, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।

বিগত সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার ছিল ইসলামবিদ্বেষী, মুসলিমবিদ্বেষী ও আলেমবিদ্বেষী। তারা আলেমদের নির্যাতন করেছে, ইসলামকে অবমাননা করেছে। আল্লাহর হুকুমে সেই রাজনীতির অবসান হয়েছে— আমরা তার সাক্ষী।

তিনি বলেন, আমাদের এমন রাজনীতি করতে হবে, যার মাধ্যমে আওয়ামী লীগের অপরাজনীতি বিলুপ্ত হবে। আদর্শিক ও নৈতিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে— যেখানে ইসলাম থাকবে পথনির্দেশক শক্তি হিসেবে, রাজনৈতিক হাতিয়ার হিসেবে নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মাওলানা মনির হোসেন কাশেমী। উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের খলিল আহমাদ কুরাইশী, জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, হেফাজতের যুগ্ম মহাসচিব নাসিরউদ্দিন মনিরসহ বিএনপি ও ইসলামী সংগঠনের স্থানীয় নেতারা।

ইমতিয়াজ আহমেদ/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন