‘গোপন সমঝোতায়’ আরপিও বাতিল হলে তা হবে ন্যাক্কারজনক : জামায়াত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৩:১৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর সর্বশেষ সংশোধনী যদি গোপন রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বাতিল করা হয়, তাহলে আসন্ন নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ভঙ্গ হবে এবং নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়বে।
রোববার (২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, যদি ‘কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন’— এমন আদেশ জারি করে সরকারের সঙ্গে একটি দলের গোপন সমঝোতার ভিত্তিতে আরপিওর সর্বশেষ সংশোধনী বাতিল করা হয়, তাহলে তা হবে ন্যাক্কারজনক ও অগণতান্ত্রিক পদক্ষেপ।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি স্মরণ করিয়ে দেন, গত ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচনী আইন সংশোধনের মাধ্যমে এমন একটি বিধান অনুমোদন করে, যাতে বলা হয়— নির্বাচনী জোট থাকলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করবেন।
“এখন শোনা যাচ্ছে, বিএনপির এক নেতার সঙ্গে সরকারের একজন উপদেষ্টার তথাকথিত ‘জেন্টলম্যানস এগ্রিমেন্ট’-এর পর সেই অনুমোদিত সংশোধনী বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে,” বলেন গোলাম পরওয়ার।
তার মতে, ‘যদি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কথিত এ ‘জেন্টলম্যানস এগ্রিমেন্ট’-এর নামে সংশোধনী বাতিল করে, তাহলে তা আসন্ন নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে জাতির সামনে বড় প্রশ্ন তুলে দেবে। নির্বাচনের মাত্র চার মাস আগে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে তা হবে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গের সামিল।’
মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও উপদেষ্টা পরিষদের অনুমোদিত আরপিও বাতিল করা হলে তা হবে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
বিবৃতির শেষে তিনি বলেন, ‘জাতির বৃহত্তর স্বার্থে এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি— নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী অনুমোদিত বিদ্যমান আরপিও বহাল রাখা হোক।’
এসআইবি/এমবি

