আরপিও সংশোধন পুনর্বিবেচনা নির্বাচনী স্বচ্ছতার ওপর আঘাত : এনসিপি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৬:৪৪
ছবি : বাংলাদেশের খবর
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ২০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিবর্তনের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটি বলছে, প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলকে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে ইসি যদি সরে আসে, তবে তা হবে কমিশনের স্বাধীনতা ও নির্বাচনী স্বচ্ছতার ওপর সরাসরি আঘাত।
রোববার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎতে এ সংক্রান্ত একটি চিঠি জমা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
চিঠিতে বলা হয়, সম্প্রতি নির্বাচন কমিশন ও উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়—কোনো নিবন্ধিত রাজনৈতিক দল অন্য নিবন্ধিত দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না। এই সিদ্ধান্তকে “সংস্কারমূলক ও গণতান্ত্রিক পদক্ষেপ” হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু গেজেট প্রকাশের আগ মুহূর্তে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ায় এনসিপি গভীর উদ্বেগ জানিয়েছে।
দলটির মতে, ২০০৮ সালে আরপিওতে সংশোধন এনে ছোট বা নামমাত্র দলগুলোকে বড় দলের প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং “প্রক্সি রাজনীতি”র মাধ্যমে বড় দলগুলো ছোট দলগুলোকে ব্যবহার করেছে। এতে বহুদলীয় গণতন্ত্র ও ন্যায্য প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এনসিপি মনে করে, নিবন্ধিত দলগুলোকে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করা হলে দলগুলোর জবাবদিহিতা ও অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত হবে। তাই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিবর্তনের উদ্যোগ নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও কমিশনের নিরপেক্ষতার জন্য হুমকি বলে মন্তব্য করেছে দলটি।
চিঠিতে এনসিপি নির্বাচন কমিশনকে অনুরোধ জানায়, উপদেষ্টা পরিষদে অনুমোদিত আরপিওর ২০ অনুচ্ছেদ সংশোধনী অনুযায়ী দ্রুত গেজেট প্রকাশের। একইসঙ্গে বিএনপির চাপে সিদ্ধান্ত পরিবর্তন না করার বিষয়ে লিখিত নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
- এসআইবি/এমআই

