জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০২
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারী ইস্যুতে বানোয়াট পোস্ট দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারী ইস্যুতে বানোয়াট পোস্ট দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এ ঘটনায় দলের পক্ষ থেকে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি জামায়াতে ইসলামীর আমিরের অফিসিয়াল এক্স হ্যান্ডলসহ দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টকে লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়। এর অংশ হিসেবে হামলাকারীরা সাময়িক সময়ের জন্য একটি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। সেখানে নারীদের বিষয়ে অবমাননাকর ও বানোয়াট পোস্ট দেয়। এসব বক্তব্য জামায়াত আমিরের চিন্তা-মনোভাব ও প্রকাশ্য বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
জামায়াত আরও জানিয়েছে, পরবর্তীতে বিকেল ৫টার কিছু পর অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয়। এছাড়াও সাধারণ জনগণ, সাংবাদিক ও সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের জাল খবর, বানোয়াট উদ্ধৃতি এবং ভুল তথ্যের বিরুদ্ধে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জামায়াত।
এমবি

