Logo

রাজনীতি

খায়রুল কবির খোকন

যারা ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করে, তারাই মুনাফেক

Icon

সুমন রায়, নরসিংদী

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৮

যারা ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করে, তারাই মুনাফেক

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, যারা বলে এই মার্কায় ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন—এ রকম কথা বলে যারা মানুষকে বিভ্রান্ত করছেন, তাদের কোনো পুঁজি নেই। তাই তারা ধর্মকে ব্যবহার করছে। যারা এমন বলে, তারা মুনাফেক। এসব মুনাফেক সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর চিনিশপুরের পুরানপাড়াসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, আমরা নির্বাচিত হলে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষায় আমূল পরিবর্তন আনা হবে। সেইসঙ্গে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করছি।

তিনি আরও বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। দেখে-বুঝে যোগ্য ব্যক্তিকে দেব। তাহলে কোনো দিন আমানতের খেয়ানত হবে না। যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, অতীতে দেশ চালানোর অভিজ্ঞতা আছে, তাদেরকেই নির্বাচিত করতে হবে।

প্রার্থী খোকন বলেন, যারা চার-পাঁচটি আসন পাবে না, তারা বিভিন্ন জেলায় মানুষকে বিভ্রান্ত করে ভয়ভীতি দেখাচ্ছে। তারা নির্বাচনে কারচুপি করার চিন্তা করছে। কিন্তু কোনো কারচুপি বা ইঞ্জিনিয়ারিং করে কোনো লাভ হবে না। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে, জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হবেন। তাই কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে ফলাফল ভিন্নখাতে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, সদস্য মাহফুজুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর