ফেনীতে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এবি পার্টির মঞ্জুর
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৬
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ফেনী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ছবি : বাংলাদেশের খবর
ফেনী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই দাবি করেন।
মুজিবুর রহমান মঞ্জু বলেন, ফেনীতে নির্বাচনী কাজে নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তাদের একের পর এক পক্ষপাতমূলক আচরণ আমাদের হতাশ করছে। একটি বড় দলের প্রার্থী ও নেতাকর্মীরা বারবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু আমাদের ডিজিটাল প্রচার গাড়ি আটকে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জরিমানা করা হচ্ছে এবং কর্মীদের হেনস্থা করা হচ্ছে।
মঞ্জু অভিযোগ করেন, গত ৩১ জানুয়ারি শনিবার বিকেলে ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন ঈগল মার্কার একটি নির্বাচনী ক্যারাভান আটকে দেন। তিনি নির্বাচনী বিধিমালা ৭(গ) এর অপব্যাখ্যা দিয়ে প্রচারকাজে নিয়োজিত সাদ্দাম হোসেনকে দীর্ঘক্ষণ আটকে রাখেন এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। দেশের বিভিন্ন স্থানে একই ধরণের ক্যারাভানের মাধ্যমে প্রচারণা চললেও ফেনীর ক্ষেত্রে ওই কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন বলে তিনি দাবি করেন।
নির্বাচনী সহিংসতা ও বাধার বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন, গত ২২ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই ধানের শীষ প্রতীকের কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে আমাদের প্রচার মাইক ও গণসংযোগে বাধা প্রদানসহ হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ জানুয়ারি বালিগাঁও ইউনিয়নে আমাদের প্রচার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় সেদিন কর্মীরা প্রাণে রক্ষা পান।
তিনি আরও অভিযোগ করেন, কাজিরবাগ ইউনিয়নে সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যাতে তারা ভোটকেন্দ্রে না যান এবং নির্বাচনের আগে বাড়ি ছেড়ে চলে যান। এমনকি নারী কর্মীদেরও হেনস্থা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গতকাল রবিবার বিকেলে ফেনী পৌরসভার পূর্ব বিজয়সিংহ এলাকায় নারী কর্মীরা গণসংযোগ করার সময় তাদের গালিগালাজ ও বাধা প্রদান করা হয়েছে।
মঞ্জু ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সম্ভাবনা দেখে কারও কারও ধৈর্যচ্যুতি ঘটছে। যার কারণে আমাদের সাথে এ ধরনের আচরণ করা হচ্ছে। এভাবে চলতে থাকলে নির্বাচনী পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এ সময় মুজিবুর রহমান মঞ্জুর সাথে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক ও এবি পার্টির জেলা সদস্য সচিব অধ্যাপক ফজলুল হকসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
এমএইচএস

