Logo

রাজনীতি

১৩ তারিখ থেকে জনগণ নতুন বাংলাদেশ পাবে : জামায়াত আমির

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৪

১৩ তারিখ থেকে জনগণ নতুন বাংলাদেশ পাবে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। ১৩ তারিখ (ফেব্রুয়ারি) থেকে জনগণ নতুন একটি বাংলাদেশ পাবে। ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। ১৩ তারিখ (ফেব্রুয়ারি) থেকে জনগণ নতুন একটি বাংলাদেশ পাবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেলা ১২টার পরপরই জামায়াত আমির ড. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছান। এর আগে সকালে তিনি মহেশখালীতে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উভয় সভায় জামায়াত আমির বলেন, ‘রাজার ছেলে রাজা হোক— এই মতবাদে আমরা বিশ্বাসী নই। এ দেশে এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী— যেই হোক, অপরাধ করলে তার বিচার নিশ্চিত করতে চাই।’

ড. শফিকুর রহমান বলেন, ১২ তারিখ আমরা নিজেরা ‘হ্যাঁ’ ভোট দেব এবং দেশের জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করব। দাঁড়িপাল্লায় ভোট দিলে কক্সবাজার আলোকিত হবে।

জামায়াত আমির বলেন, কক্সবাজার একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদ যথাযথভাবে কাজে লাগাতে পারলে এই অঞ্চল দেশের অন্যতম উন্নয়নকেন্দ্রে পরিণত হতে পারে। সে জন্য ন্যায় ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা বেঁচে থাকলে কোনো ওয়াদা বরখেলাফ হবে না, ইনশাআল্লাহ।’ 

এ সময় ড. শফিকুর রহমান প্রতিটি আসনের প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন এবং যুবকদের উদ্দেশে বলেন, ‘তোমরা তৈরি হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে।’

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের নয়, এটি জাতির দিক পরিবর্তনের নির্বাচন। এটি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণের নির্বাচন। মা-বোনদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন।’ তিনি বলেন, ‘১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশের জনগণ তা প্রমাণ করে দেবে।’

এর আগে মহেশখালীর জনসভায় ড. শফিকুর রহমান বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না। আমরা চাই এ দেশের ১৮ কোটি মানুষের বিজয়। ১৮ কোটি মানুষের বিজয় হলে সেটিই হবে প্রকৃত বিজয়। আমিও সেই বিজয়ের অংশ হবো, ইনশাআল্লাহ।’

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক সূচনা হয়। জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

জনসভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ আসনের প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার-৪ আসনের প্রার্থী নুর আহমদ আনোয়ারী, এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. মাহমুদা মিতু, জাগপা’র কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মো. সিগবাতুল্লাহ সিফাত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. পারভেজ।

মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষ করার পর জামায়াত আমির চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় জনসভায় যোগ দেওয়ার জন্য যাত্রা দেন।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর