Logo

রাজনীতি

ক্ষমতায় গেলে নারীদের ৩ স্তরে নিরাপত্তা দেবে জামায়াত : ডা. শফিকুর রহমান

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৩

ক্ষমতায় গেলে নারীদের ৩ স্তরে নিরাপত্তা দেবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ছবি : বাংলাদেশের খবর

মায়ের জাতিকে সম্মান ও মর্যাদা দিতে বর্তমান সমাজ ব্যর্থ হয়েছে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ইনশাআল্লাহ মায়েদের ঘরে, চলাচলে ও কর্মস্থলে— এই তিন জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করবো।’

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের মহেশখালী উপজেলার নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ আর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে না, ইনশাআল্লাহ এবার দেশ জাম্প করবে। আমরা বিশ্বাস করি এটা সম্ভব। এখানে দল ও ধর্ম নয়; যোগ্যতা ও দেশপ্রেমই হবে একমাত্র মাপকাঠি। দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান— সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।’

বিগত সরকারের সমালোচনা করে জামায়াত আমির অভিযোগ করেন, ‘বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যা বার্ষিক বাজেটের চার গুণ। চোর-ডাকাতরা জনগণের টাকা লুণ্ঠন করে বিদেশে পাঠিয়েছে। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ এই টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।’

মহেশখালীর সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, “প্রাকৃতিক সম্পদে ভরপুর এই এলাকাটি আজও অবহেলিত। আমরা মহেশখালীকে একটি ‘স্মার্ট ইকোনমিক জোন’-এ পরিণত করবো। এতে যুবকদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কাউকে বেকার ভাতার অপেক্ষায় থাকতে হবে না।” এছাড়া কক্সবাজারের লবণ শিল্পকে আধুনিকায়নের মাধ্যমে চাষীদের কষ্ট লাঘব ও উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আর কোনো বেইনসাফি বাংলাদেশে চলবে না। যে এলাকা যত বেশি বঞ্চিত ও পিছিয়ে, তাকে সবার আগে টেনে তোলা হবে। আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের হৃদয় জয় করে স্বচ্ছ ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই। ১২ তারিখের পর ১৩ তারিখ হবে সমৃদ্ধ বাংলাদেশের সূচনা।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা জামায়াতে ইসলামীর একক বিজয় চাই না; আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়।’

জনসভায় কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলার জামায়াত নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও লবণ চাষীরা তাদের কাজ ফেলে এই জনসভায় অংশ নেন।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর