Logo

রাজনীতি

গণভোটের প্রচারে সেরা আইডিয়া দিলে মিলবে ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কার!

আসিফ মাহমুদের উদ্যোগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৩

গণভোটের প্রচারে সেরা আইডিয়া দিলে মিলবে ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কার!

সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন গণভোটকে কেন্দ্র করে জনগণকে সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গণভোটের পক্ষে কার্যকর ও সৃজনশীল প্রচারণা চালাতে নাগরিকদের কাছ থেকে পরামর্শ বা আইডিয়া আহ্বান করেছেন তিনি। সেরা আইডিয়া প্রদানকারীদের জন্য ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এই তথ্য জানান।

আসিফ মাহমুদ তার পোস্টে লেখেন, ‘গণভোটে এবার আপনি শুধু আপনার সিদ্ধান্তই জানাবেন না। সিদ্ধান্তের পাশাপাশি একজন নাগরিক হিসেবে আপনি পরামর্শ দেবেন— কীভাবে প্রচারণা চালালে অন্য নাগরিকরা এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে আগ্রহী হবেন। আমরা জানতে চাই আপনার সৃজনশীল পরামর্শ।’

এনসিপির এই মুখপাত্র জানান, ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা অফলাইন— যেকোনো মাধ্যমের জন্য এই আইডিয়া হতে পারে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীরা তাদের আইডিয়া পাঠাতে পারবেন gocreative2026@gmail.com এই ই-মেইল ঠিকানায়।

আসিফ মাহমুদ আরও জানান, জমা পড়া পরামর্শগুলোর মধ্য থেকে সহজ, বাস্তবায়নযোগ্য ও সৃজনশীল সেরা ১০টি আইডিয়া নির্বাচন করা হবে। ওই ১০ জন পরামর্শদাতাকে সঙ্গে নিয়েই সরাসরি কাজ করবে এনসিপি।


বিজয়ীদের জন্য ঘোষিত পুরস্কারের তালিকায় রয়েছে চমক। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে একটি ট্যাব ও স্মার্ট ওয়াচ দেওয়া হবে। এ ছাড়া বাকি সাতজন বিজয়ীর জন্য থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

সংস্কার প্রশ্নে জনমত যাচাইয়ের এই লড়াইয়ে সাধারণ মানুষকে নীতি-নির্ধারণী পর্যায়ে যুক্ত করতেই এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি গণভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর