আমরা ইসলাম বিক্রি করে খাই না : শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৪
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘আমরা ইসলামকে হৃদয়ে ধারণ করি এবং পালন করি। আমরা ইসলাম বিক্রি করে খাই না। আপনাদের বোন ও মেয়ে হিসেবে আমৃত্যু আমি আপনাদের পাশে থাকব এবং আপনাদের কল্যাণে কাজ করে যাব।’
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘ইসলামের বড় শিক্ষা হলো মানবতা। মানুষের পাশে দাঁড়ানো এবং উপকার করাই ইসলামের শিক্ষা; কারো ক্ষতি করা বা কাউকে অপমান করা ইসলাম সমর্থন করে না। অত্যাচার ও অনাচার বন্ধ করতে হবে। আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান কখনো সালথা-নগরকান্দায় এসব অপসংস্কৃতি প্রশ্রয় দেননি। তার সন্তান হিসেবে আমি কথা দিচ্ছি, আপনাদের কাছে আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই; আমার একটাই চাওয়া— আপনারা সবাই ভালো থাকবেন।’
তিনি আরও বলেন, ‘আমার বাবা কখনো ব্যক্তিস্বার্থ দেখেননি, বরং দলমত নির্বিশেষে সবাইকে বুকে টেনে নিয়েছেন। আমি মা-বোনদের বলতে চাই, আপনারা যদি আমাকে একটি ভোট দেন, তবে সেটি হবে এলাকার উন্নয়নের জন্য, আমার কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়।’
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, বিএনপি নেতা ইনামুল হোসেন তারা মিয়া, আব্দুর রব, কামরুজ্জামান আলী, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এমএইচএস

