ঢাকা-১৭ আসনে সুবিধাবঞ্চিত নারীদের কথা শুনলেন জুবাইদা, দিলেন সমাধানের আশ্বাস
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৪
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি নারীদের দৈনন্দিন জীবনসংক্রান্ত নানা সমস্যা ও দাবি-দাওয়া শোনেন এবং সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে কড়াইল, সাততলা ও টিএনটি বস্তির নারীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
সভায় অংশ নেওয়া নারীরা বাসস্থান, স্বাস্থ্যসেবা, কর্মপরিবেশ, শিশুদের শিক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। মুক্ত ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ আলোচনায় ডা. জুবাইদা রহমান তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিএনপির নির্বাচনি পরিকল্পনার আলোকে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডিরেক্টর (প্ল্যানিং) ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী এবং ঢাকা-১৭ আসনের নির্বাচনি এলাকার প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
এর আগে ডা. জুবাইদা রহমান কড়াইল বস্তিতে ড্যাব পরিচালিত মাসব্যাপী বিনামূল্যের মেডিকেল হেলথ ক্যাম্প ও বিশেষায়িত সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কার্ডিয়াক ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ইসিজি ও ব্লাড সুগার পরীক্ষা করা হয়। পাশাপাশি ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে শিশুদের মধ্যে বই বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএস/

