বরিশাল বিভাগের ২১টি আসনই বিএনপিকে উপহার দেবে জনগণ : শিরিন
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনেই জনগণ বিএনপিকে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি বলেন, ‘বরিশাল বিভাগ ঐতিহাসিকভাবেই বিএনপির ঘাঁটি এবং ধানের শীষের এলাকা। এবারও জনগণ সব আসনে আমাদের উপহার দেবে।’
সোমবার (২ ফেব্রুয়ারি) বরিশাল নগরীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও জনসভা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিলকিস আক্তার জাহান শিরিন বিগত নির্বাচনের উদাহরণ টেনে বলেন, ‘অতীতের প্রতিটি নির্বাচনে বরিশাল বিভাগে ধানের শীষের জয়জয়কার ছিল। ২০০১ সালের নির্বাচনে এই বিভাগ থেকে বিএনপি ১৯টি আসন পেয়েছিল। আওয়ামী লীগের শাসনামলেও দলের চরম দুঃসময়ে অনুষ্ঠিত নির্বাচনে বরিশাল–৫ (সদর) আসন বিএনপির হাতছাড়া হয়নি। গত ১৭ বছর ধরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। বিএনপি যেহেতু সবসময় জনগণের পাশে রয়েছে, তাই এবার ২১টি আসনেই বিজয় সুনিশ্চিত বলে আমরা বিশ্বাস করি।’
দীর্ঘ ২০ বছর পর আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে হেলিকপ্টারযোগে বরিশালে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে বিভাগের ৮টি সাংগঠনিক ইউনিট সমন্বিতভাবে কাজ করছে। ঐতিহাসিক বেলস পার্ক মাঠে (বঙ্গবন্ধু উদ্যান) জনসভার বিশাল মঞ্চ ও সার্বিক প্রস্তুতির কাজ চলছে।
বিলকিস শিরিন জানান, বরিশালের বিভাগীয় সমাবেশ বুধবার বেলা ১১টায় শুরু হবে। বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তারেক রহমান মঞ্চে বক্তব্য প্রদান করবেন। বক্তব্য শেষে তিনি আকাশপথেই ফিরে যাবেন। সমাবেশ সফল করতে ইতোমধ্যে ২১টি আসনের প্রার্থী ও ইউনিট নেতাদের সঙ্গে বৈঠক সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।
মতবিনিময় সভায় বরিশাল বিভাগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিলকিস শিরিন বলেন, তারেক রহমানকে বরণ করে নিতে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
গাজী আরিফুর রহমান/এমএইচএস

