বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
২০ বছর পর আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রধানকে কেন্দ্র করে এই মহাসমাবেশে আয়োজনের কমতি রাখতে চান না নেতারা। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলে উন্নয়নের প্রতিশ্রুতিও চান নেতাকর্মীরা।
সরেজমিন দেখা যায়, ঐতিহাসিক বেলস পার্ক মাঠ প্রস্তুত করা হচ্ছে জনসমাবেশকে ঘিরে। মাঠের পূর্ব পাশে স্থায়ী মঞ্চের পাশে কাঠের মঞ্চ তৈরি করে বড় মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। যাতে বেশিসংখ্যক নেতাকর্মী অবস্থান করতে পারেন।
রোববার সকাল থেকেই কয়েক দফায় নেতারা মাঠ পরিদর্শন করেছেন। নেতাকর্মীরা বলেন, স্বাধীনতার পর এটি সবচেয়ে বড় রাজনৈতিক জমায়েত হতে যাচ্ছে তারেক রহমানকে ঘিরে।
বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, দুই ঘণ্টার সফরে বরিশালে আসবেন দলের প্রধান। বুধবার বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালে পৌঁছবেন তিনি। দুপুর ১২টায় সমাবেশস্থলে যাবেন। সেখানে বক্তৃতা শেষে বেলা ১টার দিকে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করবেন দলের প্রধান।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, এবার আমাদের প্রস্তুতি ভিন্ন রকমের। এই মহাসমাবেশ ইতিহাসের পাতায় স্থান নেবে। ধারণা করে নয়, তথ্য প্রযুক্তির মাধ্যমে উপস্থিতি পরিমাপ করতে হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান বর্তমান সংকটকালীন বাংলাদেশের মুক্তির পথ। শুধু দলীয় নয়, সমাবেশে সাধারণ মানুষেরও ঢল নামবে।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বলেন, বরিশালের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বিঘ্ন অনুষ্ঠান সফল করতে বিএনপির লাখ লাখ কর্মী বাহিনী প্রস্তুত।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পোস্টার-লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। তার আগমন ঘিরে বেলস পার্ক মাঠকে মানুষের জনসমুদ্রে পরিণত করতে নিরলস কাজ চলছে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে বরিশাল বিভাগে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উত্তরসূরি হিসেবে সেই দলের হাল ধরেছেন তারেক রহমান। দক্ষিণের নেতাকর্মীদের মাঝে তাই বাড়তি উত্তেজনা। দলের প্রধানের কাছে আমাদের অনেক চাওয়া। তিনি প্রধানমন্ত্রী হলে দক্ষিণাঞ্চল ঘুরে দাঁড়াবে বলে আশা করি।
এদিকে, সোমবার (২ ফেব্রুয়ারি) জনসভাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক চান, সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক নান্নু, সাবেক মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুর কবির জাহিদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, অ্যাডভোকেট আলী হায়দার, খন্দকার লিমন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিক, জেলা যুবদলের ক্রিয়া বিষয়ক সম্পাদক এসবিএম প্রিন্স প্রমুখ।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের মে-তে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। তখন তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন।

