একটি দল নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে : মিন্টু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৬
ছবি : বাংলাদেশের খবর
ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু বলেছেন, ‘একটি দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। তাদের অপচেষ্টা রুখে দিতে হবে। গত ১৫-১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। নিশিরাতের নির্বাচন হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।’
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সোনাগাজীতে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মিন্টু বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ যদি উল্টো পথে যায়, তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। বাংলাদেশকে অন্ধকার থেকে রক্ষা করতে, দেশের গতিপথ ঠিক রাখতে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ গড়তে এ মুহূর্তে বিএনপিকেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে।’
এর আগে সকালে সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের আরেক পথসভায় তিনি চরাঞ্চলের উন্নয়ন, কৃষি ও মৎস্যখাতের উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাখাতের প্রসার এবং নদীভাঙন রোধে মুছাপুর রেগুলেটর দ্রুত নির্মাণের আশ্বাস দেন।
পথসভায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, প্রার্থীর ছেলে তাফসির এম আওয়াল, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দীন, ফেনী জেলা মহিলা দলের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
এম. এমরান পাটোয়ারী/এআরএস

