Logo

রাজনীতি

আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৬

আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক

ছবি: সংগৃহীত

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনার পর এবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টে সাইবার হামলার অভিযোগ উঠেছে। হ্যাকিংয়ের পর ওই অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট দেওয়া হয় বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হচ্ছে। সম্প্রতি দলের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এর ধারাবাহিকতায় এবার সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার রাত ৯টা ৩ মিনিটের দিকে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টটিতে একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার পর দ্রুত পোস্টটি মুছে ফেলা হয়।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের পরিচয় দ্রুতই জাতির সামনে উন্মোচিত হবে। এ ধরনের গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর