Logo

রাজনীতি

বরিশালে তারেক রহমান

‘গুপ্ত সংগঠনের লোকজনই আজ নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৫

‘গুপ্ত সংগঠনের লোকজনই আজ নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে’

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল আছে যাদের জনগণ গুপ্ত পরিচয়ে চেনে। সেই গুপ্ত সংগঠনের লোকজনই আজ নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। যে দলের নেতারা মা-বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে মানুষ আত্মমর্যাদা ও ন্যায়বিচার আশা করতে পারে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ চলবে জনগণের রায়ের মাধ্যমে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণই নির্বাচন করে ঠিক করবে, কে হবে তাদের জবাবদিহির সরকার।’ 

বরিশালের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এ অঞ্চলের সবচেয়ে বড় সংকট নদীভাঙন। এটি রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি। বহু উন্নয়নকাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, সেগুলো শেষ করতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপির শাসনামলে অনেক উন্নয়নকাজ শুরু হয়েছিল, নানা কারণে সেগুলো শেষ করা যায়নি। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যাগুলো আরও জমেছে। বিএনপি ক্ষমতায় এলে এসব অমীমাংসিত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’

নারীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘নারীদের ঘরে বন্দী রেখে কোনো দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নারী ও পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তবেই প্রত্যাশিত একটি উন্নত ও সম্মানজনক রাষ্ট্র গড়া সম্ভব।’

সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম— সারা দেশে জনসভা ও নির্বাচনি কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারেক রহমান। এসব জনসভায় তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচির আলোকে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন। কর্মসংস্থান সৃষ্টি, বেকার ভাতা, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি নারী ও তরুণদের অগ্রাধিকার দেওয়ার কথাও গুরুত্ব পাচ্ছে তার বক্তব্যে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর