Logo

রাজনীতি

ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য : ডা. জুবাইদা রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৩

ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য : ডা. জুবাইদা রহমান

ভেদাভেদের রাজনীতির বদলে সমতা এবং সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, বিএনপির রাজনীতি সুষ্ঠু ও বাস্তবভিত্তিক পরিকল্পনার রাজনীতি, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে জনগণ ও দেশ।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরবাসী ও ভোটারদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান বলেন, সবারই সমস্যা রয়েছে, তবে সঠিক পরিকল্পনা থাকলে এসব সমস্যার কার্যকর সমাধান সম্ভব। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি— আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়ের সময়।’

বিএনপির রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, দলটি শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা, মেধার যথাযথ মূল্যায়ন, মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা এবং ন্যায়ভিত্তিক অধিকার নিশ্চিত করতে চায়। শোষণের পরিবর্তে অধিকারকে অগ্রাধিকার দেওয়ার নীতিতেই বিএনপি বিশ্বাসী বলেও উল্লেখ করেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে চায় যেখানে নেতার আগে জনগণ। ‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় অংশ নেওয়া নাগরিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, উপস্থিতি প্রমাণ করে জনগণ পরিবর্তনের পক্ষে রয়েছে। জনগণের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের সমস্যাগুলো সম্পর্কে আরও জানার মধ্য দিয়েই সমতাভিত্তিক, জ্ঞাননির্ভর ও শ্রমের মর্যাদায় গড়া একটি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বিএনপি এগিয়ে যেতে চায়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামসহ দলের অন্যান্য নেতারা।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর