‘জামায়াতে ইসলামকে কোনো দিন ক্ষমতায় আসতে দেওয়া হবে না’
এম. এমরান পাটোয়ারী, ফেনী
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৫
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘জামায়াতে ইসলামকে কোনো দিন বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত যতদিন আমি বেঁচে আছি, এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।’
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘তারা এই দেশের কোনো উন্নয়ন তো করবেই না, বরং এ দেশকে সিরিয়া-লেবানন বানিয়ে ফেলবে। তারা সবসময় মানুষের পিছে খোঁচাখুঁচি করার জন্য কাজ করে।’
ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী মিন্টু বলেন, ‘আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলবেন যেন ১২ তারিখে ধানের শীষে একটা ভোট দেন। তাহলে আমি একটা সুযোগ পাবো। সেই সুযোগের আমি সৎ ব্যবহার করব।’
তিনি সোনাগাজী ও দাগনভূঞায় নদী ভাঙন রোধ, স্কুলের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়নসহ সকল উন্নয়ন কর্মকাণ্ডের আশ্বাস দেন।
জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি বলেন, ‘আপনাদের প্রতি আমার আকুল আবেদন, কোনদিন কোনো কালে জামায়াতে ইসলামীর কেউ যেন একটা মেম্বারও না হতে পারে। তারা জনগণের উন্নয়ন চায় না, তারা চান মারামারি। তারা করে মুনাফেকি, বলে মিথ্যা কথা। তারা সুযোগসন্ধানী। দাগনভূঞা ও সোনাগাজীতে আল্লাহর রহমতে তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না।’
এ সময় কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেনা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এআরএস

