জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগানে ধানের শীষে ভোট চাইলেন আ.লীগ নেতারা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৬
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী উঠান বৈঠকে দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত ২০ জন আলোচিত নেতা-কর্মীর উপস্থিত হওয়া নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা প্রকাশ্যে বক্তব্য দেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চান।
মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে আওয়ামী লীগের নেতাদের সক্রিয় উপস্থিতি দেখা যায়। তাদের দাবি, সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশে তারা বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন।
বিএনপির একাংশের নেতা-কর্মীরা জানান, মাদারীপুর-১ আসনটি ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। জেলার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের বড় একটি অংশ সাবেক সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটনের অনুসারী। তার কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর থেকেই আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকে অংশ নিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছেন। এতে ভোটের মাঠে নাদিরা আক্তার তার দুই বিদ্রোহী প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে আছেন বলে দাবি করছেন বিএনপির নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানায়, গত সোমবার থেকেই নাদিরা আক্তার আওয়ামী লীগের নেতাদের নিয়ে একের পর এক উঠান বৈঠক করছেন। মঙ্গলবারের বৈঠকটি ছিল বড় পরিসরের, যেখানে একই মঞ্চে বসেন বিএনপি ও আওয়ামী লীগের নেতারা।
পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্যসচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। বৈঠকটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব সোহল রানা।
এদিকে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, কাঁঠালবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার ব্যাপারী, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আক্তার হোসেন খান বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন এবং ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দেন।
উঠান বৈঠকে বক্তব্যে নাদিরা আক্তার বলেন, সবার আগে বাংলাদেশ— এই নীতিকে সামনে রেখে শিবচরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, কে কোন দল করেছে সেটি বড় বিষয় নয়, মানুষের কল্যাণই মূল লক্ষ্য। নির্বাচনের পর কোনো মিথ্যা মামলা বা অযথা হয়রানি হবে না বলেও আশ্বাস দেন তিনি।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, আওয়ামী লীগের নেতারা স্বেচ্ছায় এসে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। এখানে কাউকে পুনর্বাসনের প্রশ্ন নেই।
উল্লেখ্য, শুরুতে বিএনপি এই আসনে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দিলেও পরে তা পরিবর্তন করে নাদিরা আক্তারকে প্রার্থী করা হয়। বিদ্রোহী প্রার্থীদের কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় বিএনপি ইতোমধ্যে উপজেলা পর্যায়ের ১০ নেতাকে বহিষ্কার করেছে। অন্যদিকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরাও আওয়ামী লীগের একাংশের সমর্থন নিয়ে প্রচারণা চালাচ্ছেন, যা শিবচরের রাজনীতিকে আরও জটিল করে তুলেছে।
এসএসকে/

