Logo

রাজনীতি

নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে জামায়াতের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৪

নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে জামায়াতের

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের বলেন, বিভিন্ন আসনে জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী গোপন বৈঠক করেছে এবং প্রার্থীদের সঙ্গে ধমকসুরে কথা বলা হয়েছে।

শুক্রবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

এহছানুল মাহবুব বলেন, সিলেট-১ এবং কক্সবাজার-২ আসনে জামায়াতের জ্যেষ্ঠ নেতা হামিদুর রহমান আযাদের নির্বাচনী এলাকায় এমন ঘটনার অভিযোগ পাওয়া গেছে। তিনি আরও বলেন, প্রিজাইডিং কর্মকর্তাদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, সারা দেশে নানা অনিয়মের ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

সম্প্রতি সেনাবাহিনীর উদ্ধার করা অবৈধ অস্ত্র প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, বিভিন্ন যুবদল, ছাত্রদল ও ছাত্রলীগ নেতাদের বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক অস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র নির্বাচনে ব্যবহারের জন্য মজুত করা হয়েছিল বলে আশঙ্কা করছেন তারা।

এহছানুল মাহবুব আরও বলেন, সারা দেশে খুন, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। বিভিন্ন এলাকায় জামায়াতের নারী ভোটকর্মীদের ওপর হামলা হয়েছে এবং নির্বাচনী প্রচারেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিং মামলায় গ্রেপ্তার এক কর্মকর্তার জামিন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার দাবি, এ বিষয়ে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর অনুসারীদের পক্ষ থেকে পুলিশের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে—এমন তথ্য তাদের কাছে রয়েছে।


এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর