বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী—এই তিন জেলায় দলীয় প্রার্থীদের পক্ষে জনসভায় অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা করবেন বিএনপি চেয়ারম্যান। বেলা ১১টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে প্রথমে যাবেন ঠাকুরগাঁওয়ে। সেখানে বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন।
ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে বেলা ১টায় হেলিকপ্টারে যাবেন নীলফামারী। বেলা ১টা ২০ মিনিটে নীলফামারীর জেলা পৌরসভার বড় মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন।
জনসভা শেষে বেলা ২টায় হেলিকপ্টারে করে যাবেন দিনাজপুরের বিরামপুরে। বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভা শেষ করে হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন। এরপর ঢাকার উদ্দেশে রওনা করবেন তারেক রহমান।
জনসভায় অংশগ্রহণের পাশাপাশি এই সফরে তারেক রহমানের কিছু ব্যক্তিগত ও পারিবারিক কর্মসূচিও রয়েছে। সফরকালে তিনি তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।
নির্বাচনি উত্তাপের মধ্যে তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সফরকে কেন্দ্র করে তিন জেলাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
পুলিশ জানায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি সফরে এখানে আসছেন। তার নিরাপত্তার জন্য যা প্রয়োজন, সব করা হবে।
দলীয় প্রার্থীরা মনে করছেন, তারেক রহমানের এই উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভোটের মাঠে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারে প্রতি মানুষের যে ভালোবাসা, তা আগামী ৭ ফেব্রুয়ারির জনসভায় তাদের উপস্থিতি দিয়ে প্রমাণ করবেন।
এআরএস

