নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৯
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় যোগ দিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট সফরে যাচ্ছেন। তার এই জনসভা ঘিরে নগরীতে বিরাজ করছে উৎসবের আমেজ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন। এ ছাড়া জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দিবেন।
জানা যায়, হেলিকপ্টারযোগে সিলেটে যাবেন জামায়াতের আমির। সিলেট ছাড়াও হবিগঞ্জ এবং কুলাউড়ায় শনিবার জনসভায় ভাষণ দেবেন তিনি। সিলেটে দুপুর ২টা থেকে শুরু হওয়া জনসভা শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। জনসভায় লক্ষাধিক লোকসমাগম হবে বলে প্রত্যাশা আয়োজকদের।
এদিকে, জনসভাস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের প্রস্তুত সম্পন্ন হয়েছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি মোড়ে মোড়ে জামায়াত আমিরের আগমনকে স্বাগত জানিয়ে ভিন্নধর্মী ফেস্টুন টানানো হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘ওয়েলকাম আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম’।
জনসভার সার্বিক নিরাপত্তাও জোরদার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশ ও সিলেট সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি জনসভার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে ব্রিফিং করেন তারা।
জনসভাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মহানগর আমির ও ১১ দলীয় জোটের সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য ও সিলেট-১ আসনে নির্বাচন পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির ও সিলেট-১ আসনে সহকারী নির্বাচন পরিচালক ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমদ, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন প্রমুখ।
এআরএস

