এ দেশকে যুবকের হাতে তুলে দিতে চাই : জামায়াত আমির
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১২
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোট হবে বাংলাদেশ বদলে দেওয়ার ভোট। এই ভোট হবে ২৪-এর যোদ্ধাদের আকাঙ্খার ভোট। এই ভোটের সাথে গণভোট ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা পাবো। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ পরিবর্তন চায়। যেদেশ দুর্নীতিতে সেরা হয়, সেই দেশ আমার দেশ নয়। এই দেশে কোনো দুর্নীতি হবে না। চাঁদাবাজ থাকবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ফুটবল খেলার মাঠে ১১ দল আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, সারাবিশ্ব সামনের দিকে এগোচ্ছে, আর আমরা পেছনের দিকে যাচ্ছি। প্রবাসীরা এ দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে প্রবাসী অধ্যুষিত এই সিলেট বিমানবন্দরটি পূর্ণাঙ্গ ও আন্তর্জাতিক বিমানবন্দর না হওয়ায় পশ্চিমা বিশ্বের সাথে যোগাযোগে ভোগান্তিতে পড়তে হয়। আমি যদি সুযোগ পাই, তাহলে সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করব। তাছাড়া প্রবাসে কোনো রেমিট্যান্স যোদ্ধা মারা গেলে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে দেশে আনা হবে। প্রয়োজনে প্রবাসী পরিবারের দায়িত্ব সরকার বহন করবে।
তিনি বলেন, আমরা এ দেশকে যুবকের হাতে তুলে দিতে চাই। যুবকরাই ২৪-এর আগস্টে আন্দোলন করে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। চিন্তা করুন, ৫ আগস্টের আগে আমাদের সভা করার, বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না। যুবকরাই আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। আবু সাঈদ থেকে ওসমান হাদি— যাদের রক্তে আমরা আজকের এই দেশ পেয়েছি।
ডা. শফিকুর রহমান বলেন, নিঃস্বার্থভাবে একটি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেশ-বিদেশ থেকে আমাকে কুলাউড়া থেকে নির্বাচন করার অনুরোধ করেছেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি দুইটি আসন থেকে নির্বাচন করতে পারি না। তবে কুলাউড়ায় দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী নির্বাচিত হলে তিনি এমপি হবেন। তবে ছায়া এমপি হিসেবে আমিও তার পাশে থাকবো। সুতরাং আপনারা এখানে দু’জন এমপি পাবেন।
জামায়াত আমির বলেন, এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কৃষক, শ্রমিক, আবাল বৃদ্ধ-বনিতা— সবাই আইনের চোখে সমান। কিন্তু এদেশের আইন সমান নয়। আমরা ইনসাফ ও সুবিচারের বাংলাদেশ গড়তে চাই।
বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য (বড়লেখা-জুড়ী) পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে পরিচয় করিয়ে দেন।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী। জেলা সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, লেবার পার্টি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাহ মাছুম ফারুকী, এনসিপি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর প্রমুখ।
জিয়াউল হক জিয়া/এমবি

