দেশের মানুষ স্বাধীনতাবিরোধী দলকে ভোট দিবে না : মেজর হাফিজ
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতার ঘোষক সারা পৃথিবী জানে মেজর জিয়াউর রহমান। সেই জায়গায় আরেকজনকে জিয়াউর রহমানের ওপরে স্থান দেওয়ার চেষ্টা করা জামায়াতের দেউলিয়াত্বের প্রমাণ। স্বাধীনতার কথা আমরা জামায়াতের কাছ থেকে শুনতে চাই না, মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনতে চাই। সুতরাং এ ধরনের কথা জনগণ গ্রহণ করবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তার বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় মেজর হাফিজ বলেন, চারদিন পরে নির্বাচন হতে যাচ্ছে। এটি আমার জন্য দশম নির্বাচন। অতীতের তিনটি নির্বাচনে ভোট দিতে পারিনি। বাসার মধ্যে মৃহবন্দি ছিলাম। তবে এবারের নির্বাচনের পরিবেশ সুষ্ঠু বলে মনে হচ্ছে। কেউ নির্বাচনী আইনশৃঙ্খলা ভঙ্গ করেনি।
তিনি আরও বলেন, আমরা মনে করি, এ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত। কারণ বাংলাদেশের মানুষ একটা স্বাধীনতা বিরোধী দলকে ভোট দিতে পারে না।
জামায়াতকে ইঙ্গিত করে মেজর হাফিজ বলেন, তারা যতই স্বাদু সাজুগ, কিন্তু বাংলাদেশের মানুষের মনে রয়েছে এরা রাজাকার ও আল-বদর বাহিনী সৃষ্টি করেছিল।
তিনি আরও বলেন, সারাদেশ যখন বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্য অস্থির ছিল, সারাদেশের তরুণ ছাত্রসমাজ স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল— এ সময় তারা পাক বাহিনীর দোসর ছিল। এটি বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে এত তাড়াতাড়ি মুছে যাবে না। এ কারণে আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ কখনোই জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নেবে না।
মেজর হাফিজ বলেন, এবারের নির্বাচনে তারা ১০ থেকে ২০ আসন পেতে পারে। অতীতে তারা ১৮টি পেয়েছে। এবার হয়তো তারা বেশি পাবে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কিংবা বিপুল সংখ্যক আসন পাওয়া কখনোই সম্ভব নয়।
তিনি আরও বলেন, জামায়াত দ্রুত তাদের ভোল্ট পাল্টে ফেলে। এদের দেখে বোঝার উপায় নেই। এরা ৭০-৮০ দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রগ কাটত। এরা স্বাধীনতাবিরোধী থেকে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের ধরে নিয়ে রায়েরবাজারে হত্যা করে ফেলেছিল। তাদের সেই অতীত বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মেজর হাফিজ বলেন, ১৮ কোটি মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তখন দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা কখনোই নির্বাচনকে বিঘ্নিত করতে পারবে না। জনগণের রায়ে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে বলে জানান তিনি।
আদিল হোসেন তপু/এমবি

