কোনো ধর্মই অন্যায়-জুলুম-চাঁদাবাজি সমর্থন করে না : এবি পার্টির চেয়ারম্যান
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৪
এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। ছবি : বাংলাদেশের খবর
এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, কোনো ধর্মই মানুষকে অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি সমর্থন করে না। আমরা চাই সকল ধর্ম-বর্ণের মানুষ একসাথে মিলেমিশে এ দেশে বসবাস করব।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর একটি রেস্টুরেন্টে আয়োজিত ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে সম্প্রীতি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, রাজনীতির জায়গায় আমরা পরিবর্তন চাই। আমরা তো অতীতের চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুমবাজি চাই না। এ কথাগুলো আমরা যেখানেই বলছি, সেখানেই জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। সুযোগ পেলেই আমরা পরিবর্তনের জন্য ও জনগণের জন্য কাজ করব।
‘পরিবর্তনের পথে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণ’— এ স্লোগানকে ধারণ করে সভায় বক্তব্য রাখেন এবি পার্টির ভাইস প্রেসিডেন্ট গোলাম ফারুক, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জয় কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার দাস, ফেনী জেলা ইমাম সমিতির সভাপতি শাহ মোহাম্মদ ইয়াসিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা হিন্দু শাখার সাধারণ সম্পাদক বিকাশ সরকার, ফেনী ব্যাপটিস্ট চার্চের সাধারণ সম্পাদক মিল্টন বেপারী, দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল খায়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি (জিএস) সাইদ বিন হাবিব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা যতন মজুমদার এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. মাসুদুল কবির।
সভায় বক্তারা বলেন, আমরা সকলে পরিবর্তন চাই। তবে নিয়মের পরিবর্তন, শৃঙ্খলার পরিবর্তন, উন্নয়নের পরিবর্তন চাই; সাম্প্রদায়িক বিভাজনের পরিবর্তন চাই। ইসলাম একটি শান্তির ধর্ম। এ ধর্ম কোনো হত্যা, জুলুম ও নির্যাতন সমর্থন করে না। সংখ্যালঘুসহ সকল ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে মিলেমিশে সুন্দর একটি পরিবর্তনের বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমরা কাজ করতে চাই। এজন্য সকল ধর্মের মানুষের সহযোগিতা কামনা করি।
এম. এমরান পাটোয়ারী/এমবি

