Logo

রাজনীতি

তথ্যচিত্রে উঠে এলো তারেক রহমানের নীরব মানবিক দিক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১০

তথ্যচিত্রে উঠে এলো তারেক রহমানের নীরব মানবিক দিক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য চেয়ারম্যান নজরুল ইসলাম খান

‘সবার আগে হাসিমুখ’ শীর্ষক তথ্যচিত্রে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নীরব মানবিক দিকগুলো তুলে ধরা হয়েছে। মানুষ ও প্রাণীর প্রতি তাঁর সহমর্মিতা এবং মানবিক উদ্যোগই ছিল এই তথ্যচিত্রের মূল অনুপ্রেরণা। এতে তারেক রহমানের এমন সব উদ্যোগ তুলে ধরা হয়েছে, যেখানে তিনি নীরবে অসহায় মানুষ, দুস্থ পরিবার ও অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন—যার অনেকটাই সাধারণ মানুষের অজানা ছিল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে তথ্যচিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার–পরবর্তী প্রতিক্রিয়ায় বক্তারা এসব কথা বলেন।

এর আগে ‘সবার আগে হাসিমুখ’ তথ্যচিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলে দর্শকেরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নির্মিত এটি প্রথম তথ্যচিত্র, যার নির্মাতা জুবায়ের বাবু। দর্শকসারিতে রাজনীতিবিদ, শিক্ষক, অভিনেতা, সাংবাদিক ও গায়কসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান যে বছরের পর বছর ধরে এভাবে মানুষ ও প্রাণীর জন্য কাজ করে যাচ্ছেন, তা তিনি জানতেন না। তাঁর ভাষায়, ‘আমরাও যেমন খুব বেশি কিছু জানতাম না, তেমনি তথ্যচিত্রে দেখলাম—যাঁদের পাশে তিনি দাঁড়িয়েছেন, তাঁরাও জানতেন না কে আছেন পেছনে, কার কাছ থেকে আসছে সাহায্য।’ তিনি বলেন, মানুষ ও প্রাণীর কল্যাণে তারেক রহমানের অবদান কখনো প্রচারের আলো খোঁজেনি। এই তথ্যচিত্রে সেই নীরব মানবিক দিকটাই তুলে ধরা হয়েছে।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, তিনি ধারণাই করতে পারেননি ঠিক কী দেখতে এসেছেন। তাঁর ভাষায়, ‘ভেবেছিলাম হয়তো কোনো রাজনৈতিক বিষয় নিয়ে তথ্যচিত্র হবে। কিন্তু পুরোটা দেখে বিষয়টি বুঝতে পারলাম এবং বিস্মিতও হলাম। এখানে তারেক রহমানের অজানা মানবিক দিক উঠে এসেছে।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও তথ্যচিত্রটির নির্মাতা জুবায়ের বাবু বলেন, ‘সবার আগে হাসিমুখ’ কোনো রাজনৈতিক প্রচারণামূলক তথ্যচিত্র নয়। এটি একজন মানুষের গল্প—যিনি রাজনীতির ব্যস্ততার বাইরে থেকেও নিভৃতে অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে গেছেন। মানুষ ও প্রাণীর প্রতি তারেক রহমানের সহমর্মিতা ও মানবিক উদ্যোগগুলোই ছিল এই তথ্যচিত্রের মূল অনুপ্রেরণা।

তথ্যচিত্রটিতে তারেক রহমানের এমন সব মানবিক উদ্যোগ তুলে ধরা হয়েছে, যেখানে তিনি নীরবে অসহায় মানুষ, দুস্থ পরিবার ও অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন—যার অনেকটাই সাধারণ মানুষের অজানা ছিল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তথ্যচিত্রটির নির্মাণশৈলী ও বিষয়বস্তুর প্রশংসা করেন। তাঁরা এটিকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে উল্লেখ করেন।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর