‘রাজাকার বলায় হাসিনার পতন হয়েছে, গুপ্ত বলায় তারেক জিয়ারও পতন হবে’
জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৩
রাজাকার বলে শেখ হাসিনার পতন হয়েছিল। আপনি (তারেক রহমান) গুপ্ত বলায় আপনারও পতন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ডা. মাহমুদ মিতু।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩ টার দিকে বরগুনা ২ আসনের (পাথরঘাটা, বামনা, বেতাগী) দলীয় জোট মনোনীত প্রার্থীর পক্ষে বরগুনার বেতাগী উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব মন্তব্য করেন তিনি।
মাহমুদা মিতু আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের মা বোনদের গায়ে হাত তুলেছে, নির্যাতন করেছে। আমরা এখন যুদ্ধের মাঠে আছি। যুগে যুগে ক্রান্তি লগ্নে নারীরা যুদ্ধের মাঠে নেমেছে তার ইতিহাস রয়েছে। তারা (বিএনপি) দুইশতাধিক খুন করে ফেলেছে। আমরা কোনো খুনি, চাঁদাবাজ, নারী নির্যাতনকারীকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা কোনো টেন্ডারবাজকে ক্ষমতায় দেখতে চাই না।
জনসভায় তিনি বরগুনা ২ আসনের ১১ দলীয় জোট মনোনিত প্রার্থী ডা. সুলতান আহমদ-এর পক্ষে ভোট চান।
এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মাদ বাবর। তিনি তার বক্তব্যে বলেন, ‘আমাদেরকে রক্ত চক্ষু দেখাবেন না। জামায়াত রক্ত চক্ষুকে ভয় পায় না। তিনি তার বক্তব্যে জনগণকে দাড়িপাল্লায় ভোট দিয়ে ডা. সুলতান আহমদকে বিজয় করার আহবান জানান।
জনসভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জামায়াতে যোগদান করেন। জনসভায় জনতার ঢল নেমে আসতে দেখে উৎসাহিত নেতাকর্মীরা দাড়িপাল্লার স্লোগানে জনসভাকে প্রকম্পিত করে তোলেন। সাধারণ মানুষের মধ্যেও ছিল উৎসবের আমেজ।
এদিকে জনসভায় যোগ দিতে আসা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বাধা প্রদান করেন বিএনপির লোকজন- এমন অভিযোগ তোলেন বক্তারা। এসব অভিযোগের বিষয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন জামায়াতের নেতাকর্মীরা। জনসভায় আসতে বাধা প্রদানের অভিযোগের বিষয় বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের (জামায়াত) পক্ষ থেকে বাধা প্রদানের অভিযোগ করা হয়েছে। তবে কোথাও কোন বাধা প্রদানের তথ্য নেই। আমরা পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। জনসভায় আসতে জামায়াতের প্রার্থীকে নিরাপত্তাও দেয়া হয়েছে।
খান নাঈম/এসএসকে/

