হাদির ‘বোন’ পরিচয়ে নাহিদের জন্য ‘অজ্ঞাত’ নারীর ভোট প্রার্থনা, ভুয়া বললেন হাদির স্ত্রী
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৫
শরীফ ওসমান হাদির বোন পরিচয়ে ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন শবনম খাদিজা নামে এক নারী। এ সময় নাহিদ ইসলামের পক্ষে ভোটও চান তিনি। নিজেকে হাদির বোন পরিচয় দিলেও তার আসল পরিচয় নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়া ওই সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও।
ওই নারী ভাষণ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। সেখানে তিনি এই নারীকে ভুয়া বলে উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে হাদির স্ত্রী উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তাই দলগুলোকে নিজ স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার না করার আহ্বান জানান তিনি। তবে সবাই তার আদর্শ ব্যবহার করলে কোনো বাধা নেই বলেও জানান।
তার এই পোস্ট শেয়ার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। কমেন্ট বক্সে তিনি লিখেছেন, পরিবারের তথ্যমতে, উনি (বক্তব্য দেওয়া নারী) হাদি ভাইয়ের তিন বোনের কেউ নন।
তবে শবনম খাদিজা নামের ওই নারী কে বা তার আসল পরিচয় কী, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

