Logo

রাজনীতি

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৭

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ঢাকা-১৮ আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে মান্না জানান, তিনি বর্তমানে বগুড়ায় অবস্থান করছেন। বিশেষ পরিস্থিতিতে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২—এ দুটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ আসনটি অত্যন্ত বড় ও ব্যয়বহুল হওয়ায় সেখানে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়।

পোস্টে মাহমুদুর রহমান মান্না লিখেছেন, ‘এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ এবং বগুড়া-২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

তিনি আরও লিখেছেন, ‘ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লক্ষের মত ভোটার এখানে। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা-১৮ এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দু:খ প্রকাশ করছি।’

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র শুরু থেকেই বৈধ ছিল। রাজধানীর উত্তরা, খিলক্ষেত, কুড়িল, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে গঠিত এ আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে এখনও প্রার্থী হিসেবে বহাল রয়েছেন মাহমুদুর রহমান মান্না। শুরুতে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল হলেও পরে নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান। এ আসনে বিএনপি প্রথমে তাকে সমর্থনের ঘোষণা দিলেও পরে নিজেদের দলীয় প্রার্থী মীর শাহে আলমকে মনোনয়ন দেয়। বগুড়া-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর