মোবাইল নিষেধাজ্ঞা না তুললে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০১
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না— নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া এ নিষেধাজ্ঞা তুলে না নিলে ইসি ঘেরাও করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এ হুঁশিয়ারি দেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে— ৪০০ মিটারের মধ্যে ফোন নিয়ে যেতে পারবে না। আজকে সন্ধ্যার মধ্যে এ বিধি-বিধান পরিবর্তন না করলে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও করা হবে।
তিনি বলেন, ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব করলে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যে অবস্থা হয়েছিল, তার চেইতেও ভয়াবহ হবে।
নাহিদ ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করছেন। কিন্তু অনেকেরটা তারা নিচ্ছে না। আপনাদের ভাবা উচিত, কাজটা কতটুকু নৈতিক হচ্ছে। বিজ্ঞাপন লাগলে আমরাও দেব।
তিনি আরও বলেন, আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না। কত টাকা লাগে? জনগণ আমাদের পক্ষে আপনাদের দেবে। আপনারা একটি দলের মার্কা প্রচার করছেন, আপনারা অন্য দলের মার্কা প্রচার করছেন না। এটা তো ফেয়ার হচ্ছে না।
এনসিপির আহ্বায়ক বলেন, বিগত ১৬ বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করেছে, ফ্যাসিবাদের পক্ষে, নির্বাচন হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল।
তিনি আরও বলেন, আপনারা বলেছেন, আপনারা বাধ্য হয়েছেন। আমরা এখন জানতে চাই— কে আপনাদের বাধ্য করেছে? জনসম্মুখে সাহস রেখে বলুন। আমরা আপনাদের পাশে থাকব। যদি কেউ বাধ্য না করে থাকে, তাহলে ধরে নেব আপনারা নিজেরাই নতুন কোনো স্বৈরাচারের দালালি করছেন।
এমবি

