টাকাসহ জামায়াত নেতার আটককে ‘সাজানো নাটক’ বলে অভিযোগ জামায়াতের
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪০
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে অর্ধকোটি টাকাসহ আটক করার ঘটনাকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক উদ্দেশ্য থেকেই এ ঘটনা ঘটানো হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এয়ারপোর্টের মতো নিরাপত্তাবেষ্টিত এলাকায় এ ধরনের ঘটনা ঘটার বিষয়টি সন্দেহজনক উল্লেখ করে তিনি বলেন, এটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার জন্য অপপ্রয়াস চালানো হচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
জোবায়ের বলেন, নির্বাচনের প্রাক্কালে একদল সন্ত্রাসী শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা করছে, যাতে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে না পারেন। তিনি জানান, গতকাল তাদের আমিরের আসনে একটি নির্বাচনী বুথ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া সারাদেশে দলীয় এজেন্টদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সরিয়ে দেওয়া ও হামলার অভিযোগও তোলেন তিনি।
প্রশাসনের একটি অংশ বিশেষ একটি রাজনৈতিক দলের পক্ষে ঝুঁকে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করে এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর এ ভূমিকা উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি সংশ্লিষ্ট সব জায়গায় অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
এসএসকে/

