Logo

রাজনীতি

টাকাসহ নেতা আটকে ষড়যন্ত্রের অভিযোগ, ইসির ব্যাখ্যা চাইল জামায়াত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৬

টাকাসহ নেতা আটকে ষড়যন্ত্রের অভিযোগ, ইসির ব্যাখ্যা চাইল জামায়াত

বিপুল পরিমাণ অর্থসহ জামায়াত নেতাকে আটকের ঘটনাকে ‘নাটক’ আখ্যা দিয়ে এর পেছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, জামায়াত নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন ও প্রশ্নবিদ্ধ করতেই এ ঘটনা সাজানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। 

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ আটক করে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘তিনি ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। এটি সম্পূর্ণ একটি সাজানো নাটক। একজন ব্যবসার কাজে টাকা নিয়ে যেতে পারেন, এতে কোনো আইনগত বাধা নেই।’

তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার ‘ফ্যাসিস্ট সংশ্লিষ্টতা’ রয়েছে এবং একজন ব্যক্তি ও একটি দলের মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। ‘ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। মিথ্যা তথ্যের ভিত্তিতে এমন মর্যাদাহানি আমরা আশা করি না,’ বলেন তিনি।

জামায়াত নেতা আরও বলেন, নির্বাচনের পরিবেশে বারবার বাধা তৈরি করা হচ্ছে। তার দাবি, সিলেটে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে এবং ঢাকা-১৫ আসনে গতরাতে একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। এছাড়া বিশেষ একটি দলকে সুবিধা দিতে কিছু কেন্দ্রে বডি ক্যামেরা কম, আবার কিছু কেন্দ্রে বেশি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ঠাকুরগাঁওয়ের নেতাকে আটকে রাখার কোনো অধিকার নেই দাবি করে তিনি বলেন, ‘আমরা ইসির কাছে জবাব চেয়েছি। তাকে তো ঢাকা এয়ারপোর্ট থেকেই যেতে দেওয়া হয়েছিল।’

সবশেষে তিনি বলেন, ‘আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব। প্রতিটি ভোটকেন্দ্রে গণপ্রতিরোধ হবে। কোনো অবস্থায় মাঠ ছাড়ব না।’

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর