তারেক রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৪ প্রার্থী
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৯
ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চারজন স্বতন্ত্র প্রার্থী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘোষণা আসে।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন— সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) সভাপতি এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম গণমাধ্যমকে জানান, তারেক রহমানের সঙ্গে আলোচনা করে চারজন স্বতন্ত্র প্রার্থী তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় উপস্থিত এসএম আবুল কালাম আজাদ ও শামীম আহমেদ সরাসরি নিজেদের সমর্থনের কথা ঘোষণা করেন। অন্যদিকে মো. রাশেদুল হক ও মঞ্জুর হুমায়ুন মুঠোফোনে তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন বলে জানান আবদুস সালাম।
ঢাকা-১৭ আসনে এ ঘোষণার পর নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএসকে/

