একটি দলের যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার তাড়না কাজ করছে : সালাহউদ্দিন
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : বাংলাদেশের খবর
ভোটাধিকার প্রয়োগের আগে নির্বাচনী পরিবেশ ও সাম্প্রতিক কিছু অনিয়মের অভিযোগ নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অনৈতিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। এজন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউটে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
কোনো দলের নাম উল্লেখ না করে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল অতিরিক্ত উচ্চাভিলাষে ভুগছে। তাদের মধ্যে যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার তাড়না কাজ করছে। সেই লক্ষ্য পূরণে তারা অনৈতিক পন্থা অবলম্বন করছে বলে অভিযোগ করেন তিনি।
সালাহউদ্দিনের ভাষায়, কয়েকটি স্থানে সাজানো ঘটনা ঘটেছে এবং ব্যালট পেপার ছাপানোর মতো ঘটনাও সামনে এসেছে।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি

