Logo

রাজনীতি

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফল মেনে নেব : তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৪

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফল মেনে নেব : তারেক রহমান

ছবি : সংগৃহীত

নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয়, তবে তার ফলাফল মেনে নিতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফল মেনে নেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে গুলশান মডেল স্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তারেক রহমান। ভোট দেওয়ার পর তিনি রাজধানীর কয়েকটি এলাকার নির্বাচনী পরিবেশ পরিদর্শন করেন এবং পরে গুলশানে তাঁর কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তারেক রহমান বলেন, ‘এদেশের মালিক সাধারণ জনগণ। তারা যদি স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে ভোটাধিকার প্রয়োগ করেন এবং ভোটের সংখ্যা যত বাড়বে, আমরা বিশ্বাস করি সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব হবে।’

সারাদেশে বিচ্ছিন্ন কিছু সংঘাতের ঘটনা নির্বাচনের ফলে প্রভাব ফেলবে কি না— এমন প্রশ্নে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের বিষয়ে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে। কারণ এসব ঘটনা কাম্য নয়। তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

ভোটের ফলাফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফল প্রকাশে দেরি হওয়ার কোনো কারণ নেই। মানুষ দ্রুত ফলাফল জানতে চায়। আমরা আশা করব নির্বাচন কমিশন জনগণের সামনে দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা করবে।’

নির্বাচনের ফলাফল প্রকাশের একটি নির্ধারিত সময়সীমা রয়েছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সেই সময়ের মধ্যেই জনগণ প্রকৃত চিত্র দেখতে পারবে। এ সময় ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর