Logo

রাজনীতি

নির্বাচনে ব্যাপক অনিয়ম ও সহিংসতার অভিযোগ এনসিপির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩১

নির্বাচনে ব্যাপক অনিয়ম ও সহিংসতার অভিযোগ এনসিপির

বাংলামোটরে সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে রাজধানীসহ সারাদেশে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ককটেল বিস্ফোরণ এবং পোলিং এজেন্টদের বের করে দেওয়ার মতো গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মনিরা শারমিন সতর্ক করে বলেন, ‘পরিস্থিতির ওপর আমরা গভীর নজর রাখছি। এই জালিয়াতি বন্ধ না হলে প্রয়োজনে আমরা নির্বাচন বয়কট বা প্রত্যাখ্যানের ঘোষণা দেব।’

এনসিপি অভিযোগ করেছে, ঢাকা-১৮ আসনের উত্তরা হাই স্কুল কেন্দ্রে নির্বাচনী বিধি লঙ্ঘন করে বিএনপির এজেন্টরা দলীয় কার্ড ঝুলিয়ে অবস্থান করছেন। নিকুঞ্জের জান-ই-আলম কেন্দ্রে নারী ভোটারদের লাঞ্ছিত করার অভিযোগ তোলা হয়েছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এছাড়া ঢাকা-১৭ আসনে এজেন্টদের অনুপস্থিতিতে ব্যালটে সিল মারার অভিযোগ তুলে মনিরা শারমিন বলেন, ‘এই অভিযোগ সত্য হলে এর দায় তারেক রহমানকে নিতে হবে।’

ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটওয়ারীর এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। পাবনা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনেও এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নোয়াখালীর হাতিয়ায় এনসিপি প্রার্থী হান্নান মাসউদের স্ত্রী ও ভাইকে মারধর এবং সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মুন্সিগঞ্জ-৩ ও গোপালগঞ্জ সদরের দুটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণে দুই আনসার সদস্যসহ এক শিশু আহত হয়েছে। শেরপুর-১ আসনে ব্যালট বই ছিনতাই ও সিল মারা শতাধিক ব্যালট উদ্ধারের ঘটনা ঘটেছে। এছাড়া সিরাজগঞ্জ-১ ও টাঙ্গাইল-৮ আসনে ভোটারদের আগেই ভোট দিয়ে দেওয়া এবং প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে নির্দিষ্ট প্রতীকে সিল মারার অভিযোগ তুলেছে এনসিপি।

রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মনিরা শারমিন বলেন, ‘প্রার্থীরা লিখিত অভিযোগ দিলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। ভোট রিগিং এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে।’

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি মুখে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও ভেতরে ভেতরে ভোটারদের ‘না’ ভোট দিতে প্ররোচিত করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাধারণ জনগণ কোনো কারচুপির ফলাফল মেনে নেবে না এবং গণতন্ত্র রক্ষায় এনসিপি মাঠ ছাড়বে না।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর